কলমের শেষ প্রাপ্তি

   প্রভাত বৈদ্য

পৃথিবীর আদি থেকে আজও টিকে আছো নির্বিকার!

চেহারায় বিবর্তন এলেও একটু পাল্টায়নি তোমার চরিত্র।

মানুষের হৃদয় খুঁড়ে খুঁড়ে অবলীলায় তুমি বলে যাও নিয়তির মর্মকথা।

তোমার সুক্ষ্ম, তীক্ষ্ণ মুখ দিয়ে চিনতে শিখিয়েছ অজানা পৃথিবীর অন্তিম রহস্য।

করেছ অমানুষ কে মানুষ ।

তোমার নীরব ঠোঁটে আকাশ -মাটি কল্পনার সমুদ্র বিলাপে এঁকে যায় জীবনের নির্মল ছবি।

ফুটে ওঠে পুস্পস্নাত ভোরের রঙিন সূর্যমুখী।

কী গভীর নীরব তোমার জীবন !

নিজেকে নিঃশব্দে নিঃশেষ করে মুহূর্তেই জ্বালিয়ে দিতে পারো অন্যকে।

জাগিয়ে দিতেও পারো হিমালয় বুক।

তোমার রাত্রি যাপনে কাগজের সাথে মস্তিষ্কের মঙ্গল যুদ্ধে কেড়েছে সীমানার পুরস্কার।

জিতিয়ে কিংবা ঠকিয়েছেও কূচক্রী দালাল।

তুমিই একান্ত সাক্ষী সংসার সমুদ্রের ধনী-গরীব, লাভ -ক্ষতির অনন্ত দরবারে।

সযত্নে ঠাঁয় দাঁড়িয়েছ পকেটে অথবা উচ্চমার্গীয় টেবিলের উপর।

তোমার বদৌলতের নোবেল প্রাইজ আজ অশ্রুসিক্ত ।

এখন তোমাদের অবসর দিনের অপেক্ষা।

ক্রমাগত মোবাইল ফোনে কিংবা উন্নতমানের সফটওয়্যার শরসয্যার আড়ালে,

নীরব শ্রোতা কেবলই শোনে আত্মবিলাপ-

“আজও আমার কোন প্রাপ্তি নেই।”

নিউইয়র্ক



No comments: