কোভিড নাইনটিন -০২

প্রভাত বৈদ্য
পথে ঘাটে লোক নেই, চারিদিক স্তব্ধ
সারাদিন কোন কাজে নেই মন।
ওষুধের কাজ নয়, ঘরে থাকো চুপচাপ
মুখ ঢেকে চুপ থাকো সারাক্ষণ।
মাঝে মাঝে কিছু লোক, নিরুপায় মনে হয়
ক্ষুধা পেটে নাড়িভূঁড়ি জ্বলছে।
সারাদিন লাঠি হাতে, চিৎকার দিয়ে কেউ
ঘরে থাকো কড়া সুরে বলছে।
সাবধানে চুরি করে, ডাকাতি ও কম নয়
সুযোগের ওঁৎ পাতা কিছু লোক।
মরে যায় কত জন, কত শত নিঃস্ব
এসবে ওদের নেই কোন শোক।
চাল চোর ডাল চোর, সবদিকে চোর চোর
চোরা কারবার চলে সুনিপুণ।
গরীবের হাতে দেখি, দু’কেজির ছেঁড়া ব্যাগ
হাতে পায় এক কেজি বাসি নুন।
অফিসের দরজা, খুলেদিল গার্মেন্টস
ভীড় করা লোকজন খুব রাস।
অবেলার দিনশেষে, সাথে করে নিয়ে যায়
মুঠো মুঠো করোনা ভাইরাস ।
হাসপাতালের দ্বার, ভয়ানক চারপাশ
মৃত্যুরা নাকে মুখে ঠোঁটেও।
ডাক্তার অসহায়, চোখ মোছে কষ্টে
নিরাপদে তারা নেই মোটেও।
অসুখের শেষ নেই, মানুষেরা প্রতিদিন
ভাল থাকার অবিরাম চেষ্টা।
ভাবি সারাদিন রাত, সবকিছু ভালো থাক
ভালো থাক মোর প্রিয় দেশটা।
নিউইয়র্ক
Grab Bitcoin every hour for life!

No comments: