প্রতিবিম্ব

————
প্রভাত বৈদ্য
গাছের ছায়া,
মানুষ চোখ দিয়ে দেখে প্রতিদিন,
দিনের আলোয়, জ্যোস্নায়।
নিজের অদ্ভুত প্রতিচ্ছবি নিজের সাথেই
হাত ধরে ঘুরে-ফিরে।
একজনের মত আরেক মানুষ।
মাঠে-ঘাটে যে যেখানেই সব মানুষেরা
স্বচ্ছ আয়নায় কিংবা স্বচ্ছ জলে ডুবে যায়,
কল্পনায় ভেসে ওঠে কখনো প্রাচীন দূর্গ,
রাজা-বাদশা, যুদ্ধ, ইতিহাস।
পুরনো ভাবনাগুলোর সমস্ত অন্দরমহল।
আরাম কেদারায় নিজস্ব ফেসবুক অর্ধনগ্ন,
খোলামেলা নায়াগ্রা পৃথিবী,
অথবা গভীর অন্ধকার থেকে হাতে নেয়
অবিরাম জপমালা,
নিজের ছাঁয়ায় ঢেকে নিজের নিষ্কলঙ্ক বিশুদ্ধ ভাবনা।
হারানো দিন, হারানো মানুষ এ্যালবামে হেঁসে ওঠে,কথা বলে।
পৃথিবীর অবয়বে দেখা যায় নিয়মিত চন্দ্রগ্রহণ ।
একসময়,
অপরিকল্পিত বৈদ্যুতিক খুঁটিগুলো
বিষবৃক্ষের শিকড়ের সাথে আকাশ ছোঁবে,
ফুলগুলোর আধফোঁটা পাঁপড়ি
শুকিয়ে যাবে দেয়ালে
ঢেকে যাবে ঐশ্বর্য্য, ইতিহাসের কারুকাজ।
ঠিক সেই সময়
পাথর হয়ে যাবে এক একটা মানচিত্র।
আর ভাস্কর্য মাথা তুলে দেখবে
অগণিত পাথর মানুষগুলোর বিভৎস প্রতিবিম্ব ।
নিউইয়র্ক

No comments: